সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও রাজনৈতিক দল সম্পর্কে অশ্লীল ব্যঙ্গাত্নক, আপত্তিকর ও প্রতিহিংসামূলক মন্তব্যের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাদিকুল ইসলাম কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এই ঘটনায় সোমবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কারাদেশ দেন। বিশ্ববিদ্যালয় রেজিস্টার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন,‘বাংলা বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, রোল নং ১৫০৯০০৩, তার নিজ ফেসবুক আইডি থেকে বিভিন্ন বর্ষীয়ান জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দল সম্পর্কে অশ্লীল,ব্যঙ্গত্নক ও আপত্তিকর নানান বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্ট করেছে এবং বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেই প্রেক্ষিতে সাময়িক বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তাকে চূড়ান্ত বহিষ্কার করা হবেনা তার ব্যাখ্যা পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে ইমেইলের মাধ্যমে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।’
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম বলেন,‘ আমার কিছু পোস্ট কে কেন্দ্র ছাত্রলীগের নেতাকর্মীর প্রতিবাদের প্রেক্ষিতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি আমি জেনেছি। এটা সাময়িক বহিষ্কারাদেশ। আমি প্রশাসনের কাছে সাত দিনের মধ্যে যৌক্তিক অবস্থান তুলে ধরে কারণ দর্শাবো।’
বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.রাশিদ আসকারী বলেন,‘ ওই শিক্ষার্থীর এমন কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্ট হওয়ায় সাময়িক ব্যবস্থা গৃহীত হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গৃহীত হবে।’
ইত্তেফাক/এসআই
