মানিকগঞ্জে রেড জোনের ৭টি এলাকায় লকডাউন

আপডেট : ১৬ জুন ২০২০, ০০:৪৫

মানিকগঞ্জে করোনা ভাইরাসে সংক্রমণ ঠেকাতে মানিকগঞ্জের সদর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলার ৭টি এলাকাকে রেড জোনের আওতায় এনে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। 

সোমবার (১৫ জুন) রাত আটটা থেকে ৪ জুলাই মাসের ৪তারিখ পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে বলে জেলা প্রশাসক এস এম ফেরদৌস স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

লকডাউনের আওতাভুক্ত এলাকাগুলো হলো, মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা, পশ্চিম দাশড়া, গঙ্গাধরপট্টি, শহরের শহীদ রফিক সড়ক, গার্লস স্কুল সড়ক, গঙ্গাধরপট্টি থানা রোড, খালপাড় থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের আগ পর্যন্ত শহীদ সরণি ও মানিকগঞ্জ বাজার এলাকা, সাটুরিয়া উপজেলার ধানকোরা ও সাটুরিয়া ইউনিয়ন এবং সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ও সিংগাইর পৌরসভা। 

নির্দেশনা অনুযায়ী রেড জোন ঘোষিত এলাকার কোনো ব্যক্তি ঘর থেকে বের হতে পারবেন না। এই এলাকার কেউ বাইরে কিংবা বাইরের কেউ এই এলাকায় আসা যাওয়া করতে পারবেন না। সকল ধরনের শপিং মল, দোকানপাট বন্ধ থাকবে। 

মসজিদে নামাজের সময় ইমাম মুয়াজ্জিনসহ ৫ জন এবং জুম্মার নামাজে সর্বোচ্চ ১০ জন থাকতে পারবেন। যথারীতি আওতামুক্ত থাকবে সাংবাদিকসহ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি, সরকারি ও ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কারখানায় কর্মরত ব্যক্তি ও তাদের বহনকারী গাড়ি।

ইত্তেফাক/এসআই