আলম তালুকদারের একগুচ্ছ ছড়া

আপডেট : ১৬ জুন ২০২০, ০১:৫৪

বাতাসও কাঁদে ভেউ

ছুটির অর্থ পাল্টে গিয়াছে
ছোটাছুটি কোরো না কেহ
ঘরের মধ্যেও অন্য কারো
স্পর্শ করিবে না দেহ!
আছে কিছু সন্দেহ। 
বাইরে যাওয়া? কঠিন নিষেধ 
ছাদেও দিবে না উঁকি 
বাইরে হতে বাবাও ফিরলে
কাছে যাবে না খুকি।
আছে স্বাস্থ্য ঝুঁকি! 
সাবানে হাত ধৌত করিবে
ফাঁকি দিবে না কেউ 
চারিদিকে কত করোনা কণা
অবাধে খেলছে ঢেউ। 
বাতাসও কাঁদে ভেউ! 

ভ্যাকসিন
 
‘আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
ঢাক ঢোল ঝাঁঝর মৃদঙ্গ বাজে’
ভাইরাস ভাইরাস করোনায় সাজে
করোনার অপঘাতে বারোটাই বাজে
চীন হতে করোনার ভাইরাস আসে
পৃথিবীর দেশে দেশে যমদূত হাসে
ভ্যাকসিন আসে নাই মানুষেরা ত্রাসে 
মানুষের দুর্ভোগ বাড়ে প্রতি মাসে।

‘আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
ঢাক ঢোল ঝাঁঝর মৃদঙ্গ বাজে’
এমনকি নাই কেউ মানুষের মাঝে
ভ্যাকসিন বানিয়ে দুর্গতি নাশে?

ঘরেই আটক

আমার নাতি ঘরেই আটক
ঘরে চলিতেছে দারুণ নাটক
বুঝতে পারছেন সজাগ পাঠক?!
শুধু কি তা-ই? অভিভাবক
স্বভাবজাত সকল স্তাবক
জ্ঞানীগুণী তেজি পাবক
বুড়া-বুড়ি-সব নাবালক
পাল্টে গেছে জীবনের ছক!
টিভিতে চলছে প্যাঁচালের টক
কোয়ারান্টাইন ডাউন লক
দুয়ারে মৃত্যু করিছে নক
সামনে ভয়ানক আরণ্যক!