করোনার উপসর্গে দুই ব্যাংক কর্মকর্তাসহ ১৮ জনের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২০, ০৭:১৮

মহামারি করোনার উপসর্গ জ্বর, গলা ব্যথা, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে গতকাল সোমবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। করোনার পরীক্ষার জন্য মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এদের দাফন করা হয়েছে। মৃতদের মধ্যে দুই ব্যাংক কর্মকর্তা, এক পুলিশ সদস্য ও এক জন শিক্ষক রয়েছেন।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা হাসপাতালসংলগ্ন গুচ্ছগ্রামে এক সবজি বিক্রেতা, ধাওয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধ ও ভাণ্ডারিয়া বাজারের এক হিন্দু পান ব্যবসায়ী মারা যান। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম জানান, ‘বাড়ি তিনটি লকডাউন করা হয়েছে। এ সব বাড়ির সদস্যদের কোয়ারেন্টাইনে রেখে স্বাস্থ্যসেবা প্রদান ও খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।’ ঝালকাঠিতে করোনার উপসর্গে গতকাল এক কোর্ট পুলিশ সদস্যের (৫৮) মৃত্যু হয়েছে। কোর্ট পুলিশের ব্যারাকে তার মৃত্যু হয়। মৃত পুলিশ সদস্য বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে গিয়াস উদ্দিন (৪৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি আনোয়ারা উপজেলা বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের বাসিন্দা। তিনি ব্যাংক এশিয়া কক্সবাজার শাখার ব্যবস্থাপক ছিলেন। পাবনা জেনারেল হাসপাতালে উত্পল সরকার (৫৫) নামে আরো এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও জেলা শহরের শালগাড়িয়া মহল্লার বাসিন্দা।

এদিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল পুরাতন সাতক্ষীরার শাহাবুদ্দিন সরদার (৭০) ও দেবহাটার টাউন-শ্রীপুরের রাধাকান্ত চরণ (৭৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। বগুড়ার আদমদীঘির উথরাইল গ্রামে গতকাল নিজাম উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

কুমিল্লা মেডিক্যালে কলেজ হাসপাতালে আবদুল হক (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গতকাল করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মো. আলম (৫৫) নামে এক পল্লি চিকিৎসক। তার বাড়ি উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গত রবিবার রাতে করোনার উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। এরা হলেন উপজেলার জোয়ারা ইউনিয়নের তমিজ উদ্দিন (৭৫) ও মো. ফিরোজ (৬৮) এবং বরমা ইউনিয়নের মহসিন আলী (৩৬)। একই রাতে চাঁদপুরের হাজীগঞ্জে হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের খোরশেদ আলম (৫৫), বাকিলা ইউনিয়নের খলাপাড়া পাটওয়ারী বাড়ির জামাল পাটওয়ারী (৫৮) এবং গতকাল গন্ধব্যপুর ইউনিয়নের দেশখাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক মারা যান। এদিকে কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফছার রতন (৪৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে গতকাল মারা গেছেন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মফিজুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যুর পর নমুন সংগ্রহ ছাড়াই তাকে দাফন করা হয়েছে।

ইত্তেফাকের ব্যুরো, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবরের আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।