রাণীশংকৈলে একইসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা!

আপডেট : ১৬ জুন ২০২০, ১৬:৩৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চাপোর-পার্বতীপুর গ্রামে গতকাল সোমবার দিবাগত রাতে (১৫ জুন) একইসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরদিন মঙ্গলবার (১৬ জুন) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দু'টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, উপজেলার চাপোর-পার্বতীপুর গ্রামের মৃত শেত কুমারের ছেলে বিপুলচন্দ্র (২৩) ও তার স্ত্রী পারুল রাণী (২০) সোমবার রাতের খাবার খেয়ে তাদের ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন মঙ্গলবার সকালে বাড়ির লোকজন তাদেরকে ডাকাডাকি করেও সাড়া পায়না। পরে ঘরের দরজা ভেঙে ঘরে বিপুল ও পারুলের ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশ দু'টি ঘরের শরে বাঁধা একই দড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত ছিল।

আরো পড়ুন: বগুড়ায় করোনায় আরো একজনের মৃত্যু

খবর পেয়ে পুলিশ এদিন সকালেই ঘটনাস্থল থেকে লাশ দু'টি উদ্ধার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে।বিপুল ও পারুলের মৃত্যুর কারণ জানা যায়নি। 

এ ব্যাপারে পুলিশের এসআই আহসান হাবীব বলেন, ‘লাশ দু'টি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট পেলে এটি আত্মহত্যা কিনা বলা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।’

ইত্তেফাক/এএএম