বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাকির হোসেন (৫০) নামে আরো এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১৬জুন) সকাল ৭টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজের রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হলো।
জাকির হোসেনের বাড়ি দুপচাঁচিয়া উপজেলার সুখানগাড়ি এলাকায়।
টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান জানান, করোনার উপসর্গ থাকায় জাকির হোসেন গত ১২ জুন টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা দিয়ে যান। পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসলে তিনি ১৫ জুন দুপুর সোয়া ১২টায় টিএমএসএস মেডিকেল কলেজের রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
আরো পড়ুন: একই রশিতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী’র রহস্যজনক মৃত্যু
জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বগুড়ায় এ পর্যন্ত ১ হাজার ৫৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ২১ জন। সুস্থ হয়েছেন ৯৫ জন।
ইত্তেফাক/এএএম
