লড়াইটা ইংলিশ ফুটবলের অন্যতম সেরা দুই দলের। কাগজে কলমে আধুনিক সময়ের সেরা ইংলিশ ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার সিটি। শিরোপার লড়াইয়ে পিছিয়ে থাকলেও পয়েন্ট তালিকায় তারা আছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, ঐতিহাসিকভাবে আর্সেনাল বড়ো দল। যদিও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই তাদের। পয়েন্ট তালিকায় তারা আছে ৯ নম্বরে।
করোনা ভাইরাসের কারণে অনাকাঙ্ক্ষিত বিরতি শেষে আজ ইংল্যান্ডে এ দুই দলের ম্যাচ দিয়ে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বড়ো ম্যাচ হলেও প্রত্যাশিতভাবেই এগিয়ে থাকবে ম্যানচেস্টার সিটিই। একে তো পয়েন্ট তালিকায় তারা অনেক এগিয়ে, অন্যদিকে খেলা হবে তাদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সোয়া ১টায়।
যদিও এটা দিনের প্রথম ম্যাচ নয়। প্রথম ম্যাচে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড। কাকতালীয়ভাবে স্থগিত হওয়ার আগে শেষ ম্যাচেও মাঠে নেমেছিল অ্যাস্টন ভিলা। গেল ৯ মার্চ অ্যাস্টন ভিলার বিরুদ্ধে লেস্টার সিটির ৪-০ গোলে জয় দিয়ে স্থগিত হয়েছিল লিগ।
যদিও লিগ স্থগিত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা হয় ১৩ মার্চ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ১০০ দিন পর মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ। সব ম্যাচই দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে থাকছে ‘নকল’ উল্লাসের ব্যবস্থা।
জানিয়ে রাখা ভালো, গেল ২৮ মে ফের লিগ চালু ও ব্রডকাস্টিংয়ের বিষয়ে আলোচনার জন্য পুনরায় বৈঠক করে ক্লাবগুলো। সেখানেই ১৭ জুন থেকে লিগ পুনরায় শুরু করার সিদ্ধান্ত হয়। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯২টি ম্যাচ বাকি রয়েছে। যত দ্রুত সম্ভব ম্যাচগুলো শেষ করতে চায় লিগ কর্তৃপক্ষ।
