নতুন মৌসুমের আগেই একটা সুরাহা চান ফুটবলাররা

আপডেট : ১৬ জুন ২০২০, ২০:৫২

করোনা ভাইরাসের কারণে প্রিমিয়ার ফুটবল লিগ পরিত্যক্ত হয়েছে। খেলোয়াড়রা ঘরে বসে নিজেদের ক্যারিয়ার নিয়ে শঙ্কিত। সামনের পথ মসৃৃণ হবে না তা বুঝতে পারছেন ফুটবলাররা। তাই নিজেরা উদ্যোগ নিয়ে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে দেখা করেছেন কয়েকজন ফুটবলার। তারা দাবি তুলেছেন জাতীয় দলের প্রস্তুতি শুরু করা নিয়ে এবং ক্লাব ফুটবলের সঙ্গে তাদের ভবিষ্যত্ কি হবে তা নিয়ে কথা বলেছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সোহেল রানা এবং আব্দুল্লাহ ছিলেন আলোচনার টেবিলে। ফিফা বিশ্বকাপ ফুটবলের অবশিষ্ট ম্যাচের সূচি ঘোষণা করেছে। কবে জাতীয় দলের অনুশীলন শুরু হবে তা নিয়ে কথা বলেন খেলোয়াড়রা। তপু বর্মন জানালেন ক্যাম্প আগেভাগে শুরু করার কথা বলা হয়েছে। কারণ অনেক দিন ধরে খেলোয়াড়রা বসে আছেন। আন্তর্জাতিক ম্যাচের জন্য নিজেদের ফিটনেস ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। এজন্য তারা আগেভাগে অনুশীলন শুরু করতে চান। ফুটবলাররা এই সঙ্গে যোগ করেছেন ক্লাব ফুটবলে নিজেদের অর্থনৈতিক চুক্তির বিষয়। জাতীয় দলের ডিফেন্ডার এবং বসুন্ধরা কিংসের তপু বর্মন বললেন, ‘আমরা ক্লাব ফুটবলের পারিশ্রমিক দিয়ে পরিবার চালাই। বাফুফে সভাপতির কাছে অনুরোধ করেছি ক্লাব-খেলোয়াড়-ফেডারেশন বসে যেন আগের লিগের বিষয়ে একটা সুরাহা করার উদ্যোগ নেওয়া হয়।’ তপু জানিয়েছেন সালাহউদ্দিন ভাই আমাদেরকে আবার যেতে বলেছেন। আমরা জাতীয় দলের খেলোয়াড়রা ছাড়াও প্রত্যেক ক্লাবের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন নিয়ে ৩০-৪০ জন যাব। এক সপ্তাহ পর আবার শুনবেন আমাদের কথাগুলো। মনে হচ্ছে বাফুফে একটা উদ্যোগ নেবে।’