করোনা উপসর্গ নিয়ে ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু জোমাদ্দার (৫৫) মঙ্গলবার সকালে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী, প্রতিবন্ধী এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাবেক এমপি দৈনিক ইত্তেফাক ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। এছাড়াও জেপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, মৃতের সহকর্মীসহ উপজেলার বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন। সকাল সাড়ে ১০টায় বৃষ্টির মধ্যেও ভাণ্ডারিয়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ি সংলগ্ন কামিনিপ্রভা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাণ্ডারিয়া উপজেলা হাসপাতালের মেডিক্যাল টিমের সদস্যদের উদ্যোগে গোসল এবং জানাজার নামাজ শেষে নিজ বাড়ির কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলাম এবং মেডিক্যাল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
