লবলং খালের পাড়ে শূকর পালন!

আপডেট : ১৬ জুন ২০২০, ২১:২৮

রাস্তার পাড়ে ময়লা থাকে, যেখানে মানুষের যাতায়াত আর শূকরগুলো ময়লাগুলো আঁচড়ে গন্ধ ছড়ায়। এখানে একদা স্বচ্ছ সরোবর ছিল—আমরা প্রাণ খুলে গা ধুয়ে নিতাম, হাতের মুঠো ভরে নিতাম লবলংয়ের জল। আমরা মানববন্ধন করি। আমাদের কার্যক্রমে কেউ হাসে, আমরা তবু দাঁড়াই। কিন্তু কাকে কিভাবে বোঝাব যে এখানে শূকর পালন বন্ধ করা আমাদের দায়িত্ব।

আজ করোনা ভাইরাস জেঁকে বসেছে। শূকরও ভাইরাস বহনকারী ও উত্পাদনকারী হয়ে উঠতে পারে যে কোনো সময়। কারণ শূকরগুলো সব ধরনের বর্জ্য খায় এবং হাসপাতালের বর্জ্যও থাকে এর মধ্যে। কই আমরা কি ব্যবস্থা নিচ্ছি? মুখ বন্ধ রেখে আদৌ কি আমরা বাঁচতে পারব?

শ্রীপুরের মতো আধুনিক শহরে আমরা এমন দেখতে চাই না। জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে এ অভিশাপ থেকে আমরা মুক্তি পাব প্রত্যাশা করি। মাওনা সেতুর পাশে লবলং খালটি হয়ে উঠুক পর্যটনকেন্দ্র। এখানে আমরা সবাই মিলে বৃক্ষরোপণও করতে চাই। ময়লার একটি নির্দিষ্ট জায়গা বের করুন এবং জনস্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সবাই এক হোন।

সাঈদ চৌধুরী

শ্রীপুর, গাজীপুর