শুল্ক কমানোসহ চার দফা দাবি স্থানীয় কার্টন উত্পাদনকারী অ্যাসোসিয়েশনের

আপডেট : ১৬ জুন ২০২০, ২২:০০

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে লোকাল প্যাকেজিং ও মুদ্রণ শিল্পের কাঁচামালের ওপর আমদানি শুল্ক প্লাস্টিক প্যাকেজিংয়ের ন্যায় ৫ শতাংশ করাসহ চার দফা দাবি জানিয়েছে স্থানীয় কার্টন উত্পাদনকারী উদ্যোক্তারা।

অর্থ মন্ত্রণালয়, এনবিআর ও এফবিসিসিআই সভাপতির কাছে দেওয়া এক চিঠিতে এ দাবি জানান বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএলসিএমএ) সভাপতি এম এ বাসার পাটওয়ারী। একই দাবি জানিয়েছে আরো পাঁচ সংগঠন সেগুলো হলো—বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি, দি বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেপার ইমপোটার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতি এবং চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ।

চিঠিতে উল্লেখ করা চার দফা দাবিগুলো হলো—প্যাকেজিং কাঁচামালের ওপরে আমদানি শুল্ক প্লাস্টিক প্যাকেজিংয়ের ন্যায় ৫ শতাংশ করতে হবে। উত্পাদনে ব্যবহূত কাঁচামালের ওপর ভ্যাট ১৫ শতাংশ করতে হবে। এ খাতের উেস আয়কর কর্তন বাতিল করতে হবে। লোকাল প্যাকেজিং শিল্পের মতো প্যাকেজিং পেপারের ওপর ভ্যাট ফাঁকি বন্ধ করতে হবে।