মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা রেড জোন এলাকায় লকডাউন ভেঙে অযথা ঘোরাঘুরি এবং দোকান খোলার অভিযোগে ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে পৌরসভা শহীদ রফিক সরণি ইসলামী ব্যাংকের সামনে থেকে ঘোরাঘুরির জন্য ১০ জনকে এবং বাজারের চার ব্যবসায়ী দোকান খোলা রাখার দায়ে জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হিসেবে এ অভিযানের নেতৃত্ব দেন। গতকাল সিংগাইর উপজেলা পৌর এলাকা জয়মন্টপ ইউনিয়নকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করে জেলা প্রশাসন। এই লক ডাউন চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত।
সার ও কীটনাশক ব্যবসায়ীর অভিযোগ
এদিকে পৌর বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মজনু মিয়া অভিযোগ করে বলেন, কৃষকদের বাঁচিয়ে রাখার স্বার্থে সার ও কীটনাশকের দোকান খোলা রাখা যাবে। এ প্রসঙ্গে প্রশাসন থেকেও লকডাউনের আওতামুক্ত মর্মে চিঠিও আছে তার কাছে। তা সত্ত্বেও তাকে জরিমানা করায় বিস্ময় প্রকাশ করেন। পাশেই সার ও কীটনাশকের আরো দোকান খোলা থাকলেও তাদের জরিমানা করা হয়নি বলে জানান তিনি। বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারেক খান বলেন, সার ও কীটনাশকের দোকান খোলা রাখা যাবে—উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে বলছেন বলেই আমি দোকান খোলা রাখতে বলেছি। তাহলে কেন এই জরিমানা। তাও আবার শুধু একটি দোকান।
