২০২০-২১ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান বাড়িয়ে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা করা হয়েছে। অন্য দিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান ১০ লাখ টাকা নির্ধারণ করেছে সরকার। ২০১৮-১৯ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সর্বোচ্চ ৬০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছিল। এখন ১৫ লাখ টাকা বাড়ানো হয়েছে বলে গত সোমবার প্রকাশিত ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত)’ নীতিমালায় তা জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
২০২০ সালের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালায় (সংশোধিত) জানানো হয়েছে, মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্রসহ ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান দেওয়া হবে। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ন্যূনতম ১০টি সিনেমা হলে মুক্তি দেওয়ার নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে নীতিমালায়। এদিকে, অপর এক নীতিমালায় শিশুতোষ চলচ্চিত্রসহ ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রত্যেকটিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। নীতিমালার অন্যান্য শর্তগুলোর মধ্যে রয়েছে—অনুদানের চেক প্রাপ্তির ৯ মাসের মধ্যে চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ করতে হবে, চলচ্চিত্রের ভাষা ও বিষয়বস্তু জেন্ডার সংবেদনশীল হতে হবে, ডিজিটাল ফরমেটে দৃশ্য ধারণ করতে হবে।
