আড়াইহাজারে স্বাস্থ্যবিধি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট : ১৬ জুন ২০২০, ২২:১১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানপাট খোলা ও সমাগম করে বিক্রি করার পাশাপাশি মাস্ক ব্যবহার না করায় কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না, তা দেখভাল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নের্তৃতে কালিবাড়ি, বালিয়াপাড়া, দুপ্তারা ও মনোহরদী বাজারে অভিযান চালানোকালে কঠোরভাবে সকলকে সচেতন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন জানান, উপজেলায় স্বাস্থ্যবিধি না মেনে এবং মাস্ক ব্যবহার না করেই ব্যবসায়ীরা দোকানপাট খুলে বেচাকেনা করছেন। এতে করে করোনার ঝুঁকি বেড়ে যাওয়ায় অভিযান পরিচালনা করে সকলকে সচেতন করা হয়েছে এবং পরবর্তীতে এভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, অভিযান অব্যাহত থাকবে।