বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশের এসআই গ্রেফতার

আপডেট : ১৬ জুন ২০২০, ২২:১১

রাজধানীর মোহাম্মদপুরে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে। ঐ পুলিশ কর্মকর্তার নাম আতিকুল ইসলাম। তিনি বান্দরবান জেলা পুলিশে কর্মরত। তার সঙ্গে আব্দুর রব নামে একজন ইয়াবা ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুরের শাজাহান রোডে একটি পিকআপ ভ্যান গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে স্থানীয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫ লাখ ২৫ হাজার টাকা জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার তাদের সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুরের শাজাহান রোডে পুলিশের চেকপোস্টে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চলানো হয়। এসময় চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্যাকেট থেকে ১১ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার বলেন, এসআই আতিকুল ইসলাম গত ২৩ মার্চ ছুটিতে যান। তার ছুটি শেষ হয়ে যাওয়ার পর কর্মস্থলে যোগদান করেননি। এতদিন পর্যন্ত তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। মোহাম্মদপুর থানা পুলিশের মাধ্যমে জানতে পেরেছি যে এসআই আতিকুল ইয়াবাসহ গ্রেফতার হয়েছে।