ব্রাজিলে ফের করোনার উচ্চ লাফ

আপডেট : ১৬ জুন ২০২০, ২২:৪৬

করোনা সংক্রমণের হিসাবে রাশিয়াকে টপকে আগেই দ্বিতীয় স্থানে উঠেছে এসেছে ব্রাজিল। এখনো দেশটিতে কিছুতেই কমানো যাচ্ছে না এই ভয়াবহ সংক্রামক ভাইরাসের বিস্তার। একদিন সংক্রমণ কিছুটা কম থাকার পরদিনেই ব্যাপক ব্যবধানে বেড়ে গেছে সংক্রমণ। এমন পরিস্থিতি কীভাবে সামলাবেন তা নিয়ে চিন্তায় পড়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটিতে রবিবার সংক্রমণ নেমেছিল ১৭ হাজারে। কিন্তু তার পরদিনই তা এক লাফে বেড়ে দাঁড়ায় ২৮ হাজারে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছে প্রায় ৯ লাখ। আর মৃত্যু হয়েছে ৪৪ হাজার ১১৮ জনের।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে গতকাল পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে প্রায় ২২ লাখ আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার। গোটা বিশ্বে সংক্রমিত লোকের সংখ্যা ৮১ লাখ ৫০ হাজার। আর মোট মৃত্যু ৪৩ লাখ ৪০ হাজার।

অন্যদিকে, ভারতের পরিস্থিতিও সব মিলিয়ে খারাপ বলা চলে।  দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার জন। গত ২৪ ঘণ্টাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৬৭ জন। এক দিনের মধ্যে আরো ৩৮০ জনের মৃত্যু হওয়ায় সেদেশে কোভিড-১৯-এর কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯০০-তে। এদিকে আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ফের বৈঠকে বসবেন। কেননা দেখা গেছে যে, লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পরেই লাফিয়ে লাফিয়ে দেশে সংক্রমণ বেড়েছে।

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কারণ দিল্লির অবস্থা সবচেয়ে      খারাপ দিকে মোড় নিচ্ছে।

অপরদিকে সৌদি আরবে এক দিনে ৪ হাজার ২৬৭ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ৩১৫ জনে। গত এক দিনে মৃত্যু হয়েছে ৪১ জনের। মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫২। করোনা ঠেকিয়ে রাখতেই এই দেশটিও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে রেখেছে।