ভাণ্ডারিয়া পৌর এলাকা রেড জোন ঘোষণা

আপডেট : ১৬ জুন ২০২০, ২২:৪৯

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভাকে গত সোমবার রাত থেকে রেড জোন (করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা) ঘোষণা করে ২১ দিনের জন্য লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে। চার পুলিশ সদস্য, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ীসহ ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত হওয়ায় এই ঘোষণা আসে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাণ্ডারিয়া পৌরসভাকে রেড জোন চিহ্নিত করে হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর সভায় ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয় এবং রাতেই উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, ভাণ্ডারিয়া পৌরসভা ও বাকি ছয়টি ইউনিয়ন নিয়ে এ উপজেলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা চার। গতকাল মঙ্গলবার পর্যন্ত উপজেলায় ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে, পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় রবিবার থানা পাড়াকে রেড জোন ঘোষণার পর সেখানে একই পরিবারের আরো চার জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার এ উপজেলায় শনাক্ত হয়েছে আট জনের করোনা এবং এ নিয়ে উপজেলায় এর সংখ্যা দাঁড়াল ১৪ জনে।