এ বাজেট জনগণের জীবন-জীবিকা রক্ষায় ব্যর্থ :ড. কামাল

আপডেট : ১৬ জুন ২০২০, ২২:৫১

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট করোনা মহামারির এই দুর্দিনে জনগণের আকাঙ্ক্ষা পূরণে ও জীবন-জীবিকা রক্ষায় ব্যর্থ। করোনা ভাইরাস মোকাবিলায় দল-মতনির্বিশেষে বিশেষজ্ঞদের নিয়ে সমন্বিত জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম ঢাকা মহানগরের উদ্যোগে এক মানববন্ধনে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

গণফোরামের নেতা মোস্তফা মোহসীন মন্টু অনলাইনে যুক্ত হয়ে বলেন, ‘করোনা মোকাবিলায় সরকারের নানা অবহেলা, অযোগ্যতা ও অব্যবস্থাপনায় আমি হতবাক। এমন ক্রান্তিকালেও ত্রাণ লুটপাট ও দুর্নীতির খবরে মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা বোধ করি।’ করোনা মোকাবিলায় যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। বাজেটকে গতানুগতিক ও বড়োলোকদের স্বার্থ রক্ষার বাজেট উল্লেখ করে অনলাইনে যুক্ত হয়ে গণফোরামের নেতা অধ্যাপক আবু সাইয়িদ বলেন, এই বাজেটে কৃষি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ অপর্যাপ্ত, বেকারদের কর্মসংস্থানের কোনো দিকনির্দেশনা নেই। দলের আরেক নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, থোক বরাদ্দের নামে প্রস্তাবিত বাজেটে সরকার নিজেদের অপরিপক্বতা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। বাংলাদেশটাকে দুর্নীতিবাজ ও কালোটাকার মালিকদের অভয়ারণ্যে পরিণত করেছে।