বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত

আপডেট : ১৬ জুন ২০২০, ২২:৫৪

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবানে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত চাইনা ছাহ্লা মারমা (৩৪) কুহালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার)। সোমবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য চাইনা ছাহ্লা মারমা সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া নীচেরপাড়া এলাকায় অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বিষয়টি জানতে পেরে তাকে ডেকে নিয়ে রাস্তার পাশে গুলি করে হত্যা করে। খবর পেয়ে  সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে ওয়ার্ড আওয়ামী লীগের এই নেতা হত্যাকাণ্ডের শিকার বলে দাবি স্থানীয়দের।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।