মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট : ১৬ জুন ২০২০, ২২:৫৫

সদ্য প্রয়াত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপির বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় গতকাল মঙ্গলবার রাজধানী ও সিরাজগঞ্জে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর রাজধানীর সোবহানবাগ মসজিদ ও বনানী কবরস্থান মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মোহাম্মদ নাসিমের ধানমন্ডিস্থ বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোহাম্মদ নাসিমের সহধর্মিণী মিসেস লায়লা আরজুমান্দ, পুত্র তানভির শাকিল জয়, তন্ময় মনুসরসহ পরিবারের সদস্যরা এতে অংশ নেন।

আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজে সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ নাসিম এমপির বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় মঙ্গলবার বাদ জোহর কলেজ হলরুমে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম রাঙ্গার সভাপতিত্বে এবং কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুস সবুরের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অধ্যক্ষ রেজাউল করিম উত্তরবঙ্গের কৃতী সন্তান বর্ষীয়ান নেতার রাজনৈতিক নানা দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আলহাজ মোহাম্মদ নাসিম বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ, কর্তব্যপরায়ন, সত্, দক্ষ, নানাবিধ গুনাবলী সম্পন্ন মানুষ হিসেবে সকলের নিকট সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতি এক রাজনীতিবিদকে হারাল আর আমরা হারালাম আমাদের কলেজের অভিভাবককে। তার মৃতুতে আমরা গভীর ভাবে মর্মাহত ও শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।

আত্মার মাগফেরাত কামনা করে জাতীয় চার নেতার অন্যতম শহিদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান, একাধিক মন্ত্রণালয়ের সফল সাবেক মন্ত্রী জননেতা আলহাজ মোহাম্মদ নাসিম জান্নাতবাসী হোন, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা জানিয়ে তার জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাজীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান টি এম আতিকুর রহমান, কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের ইসলামের ইতিঃ সংস্কৃত বিভাগের প্রভাষক বখতিয়ার রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আল-আমিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সামছুল আলম, কাজীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বিএনসিসি, রোভার স্কাউট, কলেজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ। পরে মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুস সবুর।