চলতি একাদশ জাতীয় সংসদের আরো দুই জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন—সাবেক চিফ হুইপ ও আওয়ামী লীগ দলীয় এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪) এবং গণফোরামের এমপি মোকাব্বির খান (সিলেট-২)। চলতি বাজেট অধিবেশন শুরুর দিন ১০ জুন সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন মোকাব্বির। এই দুই জনসহ বর্তমান সংসদের মোট ১১ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এছাড়া সংসদ সচিবালয়সহ সংসদ এলাকার ভেতরে অবস্থিত বিভিন্ন দপ্তরের মোট ৬৭ জন কর্মকর্তা-কর্মচারীরও কোভিড-১৯ পজিটিভ।
জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি আব্দুস শহীদ বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। তার একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার জানান, নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসা আব্দুস শহীদের জ্বর আছে, তবে শ্বাসকষ্ট নেই। আর আগে থেকেই তিনি ডায়াবেটিসে আক্রান্ত। এর আগে তার ব্যক্তিগত সহকারীও করোনায়া আক্রান্ত হয়েছিলেন, তবে তিনি এখন সুস্থ।
করোনায় আক্রান্ত গণফোরামের এমপি মোকাব্বির খান ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন। শ্বাসকষ্ট নিয়ে সোমবার তিনি সিএমএইচে ভর্তি হন। গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ জানান, মোকাব্বির খানের করোনার নমুনা পরীক্ষার ফলাফল গতকাল পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে তিনি এমনিতে ভালোই আছেন। জানা গেছে, সোমবার সংসদ অধিবেশনে মোকাব্বির খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। জ্বর নিয়ে তিনি ন্যাম ভবনেই ছিলেন। কিন্তু হঠাত্ শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হন।
করোনায় আক্রান্ত হওয়া অপর ৯ জন এমপির মধ্যে রয়েছেন—সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিম (শনিবার মারা গেছেন), মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার (বর্তমানে সুস্থ), যশোর-৪ আসনের রণজিত্ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী। এছাড়াও টেকনোক্র্যাট কোটার প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে শনিবার মারা গেছেন।
সংসদের ৬৭ জন করোনায় আক্রান্ত
সংসদ সচিবালয় ও সংসদ এলাকার ভেতরে অবস্থিত বিভিন্ন দপ্তরের মোট ৬৭ কর্মকর্তা-কর্মচারীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। চলতি বাজেট অধিবেশন উপলক্ষ্যে শুরু হওয়া কোভিড-১৯ পরীক্ষার পর সোমবার পর্যন্ত ৬৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আক্রান্তদের সবাই অবশ্য সরাসরি সংসদ সচিবালয়ের স্টাফ নন। তাদের মধ্যে সংসদ ভবন সংশ্লিষ্ট গণপূর্ত দপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।
বাজেট অধিবেশন উপলক্ষ্যে সংসদে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষা ২ জুন থেকে শুরু হয়েছিল। ৮ জুন ঐ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। করোনা ভাইরাস মহামারির এই সময়ে সংসদ অধিবেশন শুরুর আগে এসএসএফের সুপারিশে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।
