খুলনায় রোগীর স্বজনদের হামলায় চিকিত্সকের মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৬ জুন ২০২০, ২৩:০৪

খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডা. রকিবউদ্দিন (৬০) নামে এক চিকিত্সকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর গল্লামারী মোড় এলাকার রাইসা ক্লিনিকের মালিক।

ডা. রকিবের ছোট ভাই খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম জানান, গত ১৪ জুন রাইসা ক্লিনিকে বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর এলাকার পল্লবী সড়কের আবুল আলী শেখের স্ত্রী শিউলি বেগম সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন। কিন্তু শিউলি বেগমের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ১৫ জুন তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির কিছু সময় পর তারা ওই রোগীকে ঢাকায় রেফার্ড করেন। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, ডা. রকিবের মৃত্যুর খবর শুনে সন্ধ্যায় রাইসা ক্লিনিকে গিয়েছিলাম। তিনি বলেন, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, ডা. রকিব হার্টফেল করে মারা গেছেন। তবে তার স্বজনরা মামলা করতে চাইলে তা করতে পারবেন বলে জানান ওসি।