এখন থেকে স্মার্টফোনেই এনআইডি সেবা

আপডেট : ১৭ জুন ২০২০, ০০:৩১

এখন থেকে ঘরে বসেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা মিলবে স্মার্টফোন বা কম্পিউটারে। এনআইডিসংক্রান্ত সেবা কার্যক্রমের গতি বাড়ানোর লক্ষ্যে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সফটওয়্যারের ওপর তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শেষে এ তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় পরিচয়পত্রের আবেদনের ক্ষেত্রে ব্যক্তির তথ্য সংযোজন-বিয়োজন, যাচাই-বাছাই, ভোটার হিসেবে নতুন জাতীয় পরিচয়পত্রের আবেদন, সংশোধন, হারিয়ে যাওয়া কার্ড উত্তোলন ও ব্যক্তির ঠিকানা পরিবর্তন যে নতুন সফটওয়্যারের মাধ্যমে করা হয় সেটাই কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সফটওয়্যার।

এনআইডি অণুবিভাগের কমিউনিকেশন শাখার অফিসার ইনচার্জ  স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান জানান, আগে জাতীয় পরিচয়পত্রের যেকোনো ধরনের আবেদনের ক্ষেত্রে ব্যক্তিকে নির্বাচন অফিসে আসার বাধ্যবাধকতা ছিল। অনলাইন পদ্ধতি চালু হওয়ার ফলে একজন নাগরিক বাড়িতে বসেই নিজের ব্যবহূত কম্পিউটার অথবা স্মার্টফোন ব্যবহার করেন নতুন ভোটার হওয়া থেকে শুরু করে যেকোনো প্রকার সংশোধনী ও হারানো কার্ডের আবেদনপূর্বক, জাতীয় পরিচয়পত্রের অনুরূপ কপি ডাউনলোড করতে পারবেন। এর ফলে করোনার এই দুর্যোগে যেমন সামাজিক দূরত্ব নিশ্চিত হবে, তেমনি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সরকারি-বেসরকারি নানা সেবা নিতে পারবে একজন নাগরিক। এজন্য (https://services.nidw.gov.bd) লিংকে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে সেবা প্রত্যাশীকে।

গত ২০ মে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। প্রশিক্ষণটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনআইডি অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

এরই মধ্যে অনলাইনে এনআইডিসংক্রান্ত সেবা চালু হয়েছে। এতে ঘরে বসেই এনআইডি পেয়েছেন ১০ লাখ নাগরিক। প্রশিক্ষণের ফলে এই সেবা আরো ত্বরান্বিত হবে।