পুলিশ বাহিনী সংস্কারের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
জানা গেছে, কৃষ্ণাঙ্গ বা অন্যদের সঙ্গে পুলিশ কেমন আচরণ করবে তার একটি দিকনির্দেশনা দেওয়া আছে ওই আদেশে।
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশি নির্যাতনে আফ্রো-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে পুরো যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ থেকে পুলিশের বরাদ্দ বাতিলের এবং বাহিনীটি বিলোপ করে দেওয়ার দাবি ওঠে। সেই আন্দোলন কঠোর হাতে দমন করে ‘আইন-শৃঙ্খলা’ প্রতিষ্ঠায় হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।
এক পর্যায়ে বিক্ষোভের তীব্রতায় কংগ্রেসে পুলিশ সংস্কারের বিল তোলেন ডেমোক্র্যাটরা। কয়েকটি রাজ্য ও শহর কর্তৃপক্ষ পুলিশের শক্তি প্রয়োগে লাগাম টানে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকটা চাপে পড়েই ‘তুলনামূলক নরম মাত্রায়’ পুলিশ সংস্কারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন রক্ষণশীল প্রেসিডেন্ট ট্রাম্প।
পুলিশ সংস্কারের নির্বাহী আদেশের স্বাক্ষরের বিষয়ে হোয়াইট হাউজে মঙ্গলবার ট্রাম্প জানায়, প্রিয়জন হারানো বেশ কয়েকটি আফ্রো-আমেরিকান পরিবারের সঙ্গে তার সাক্ষাত হয়েছে। তবে ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে ওই পরিবারদের পক্ষ থেকে কাউকে দেখা যায়নি।
ইত্তেফাক/এআর
