করোনায় 'নাজেহাল' ভারত, একদিনে রেকর্ড ২,০০৩ মৃত্যু  

আপডেট : ১৭ জুন ২০২০, ১১:৪২

প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশটিতে একদিনে করোনায় মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যগুলোতে করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান আপডেট করার পরেই এই তথ্য এলো। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১১ হাজার ৯০৩ জনে দাঁড়ালো।  

এছাড়া দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৬৫ জন। সুস্থ হয়েছে উঠেছেন ১ লাখ ৮৬ হাজার ৯৩৫ জন। দেশটিতে সুস্থ হয়ে উঠার হার ৫২ দশমিক ৭৯ শতাংশ। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ১১ হাজারের মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৫৩৭ জনের।  গত ২৪ ঘণ্টায়  এই রাজ্যে মারা যায় এক হাজার ৪০৯ জন। 

এছাড়া মৃত্যু বাড়ছে দিল্লিতেও। গত ২৪ ঘণ্টায় সেখানে ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। এই বৃদ্ধির জেরে গুজরাটকে ছাড়িয়ে মৃত্যু তালিকায় দ্বিতীয় স্থানে চলে এল দিল্লি (১,৮৩৭)। 

গুজরাটে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৫৩৩ জনের। তামিলনাড়ুতে ৫২৮ জন। মৃত্যুর হিসেবে দেশটিতে পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যটিতে এখনও অবধি ৪৯৫ জন মারা গেছেন। এর পর রয়েছে মধ্যপ্রদেশ (৪৭৬), উত্তরপ্রদেশ (৪১৭), রাজস্থান (৩০৮), তেলঙ্গানা (১৯১), হরিয়ানা (১১৮)।

ইত্তেফাক/এসআর