সিরাজগঞ্জের কামারখন্দে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও এক হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৭জুন) বেলা ১২ টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রায়গঞ্জ উপজেলার নিমগাছী গ্রামের মো. হবির ছেলে ট্রাকচালক জহুরুল ইসলাম (২৮), আরেক ট্রাকের চালক একই উপজেলার উত্তরা হাজীপুর গ্রামের অর্জুনের ছেলে মিঠুন ও ট্রাকের হেলপার একই উপজেলার হাজীপুর গ্রামের গণকের ছেলে অনন্ত (১৬)।
আরো পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় দেশে শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ৪৩
কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, ঢাকা থেকে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় ট্রাকটি সীমান্তবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক ও হেলপার মারা যান এবং আরেকটি ট্রাকের চালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে চালক মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপারকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
