ইতিহাসের অপেক্ষায় ভারত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:০৮

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সর্বশেষ ২৫টি টেস্টের মধ্যে কেবল তিনটিতে হেরেছে অস্ট্রেলিয়া। জিতেছে ১৯ টিতে। এখানেই শেষ নয়, এই ভেন্যুতে ভারতের শেষ জয়টি এসেছে ১৯৭৭-৭৮ মৌসুমে। ফলে, আজ ভোরে যখন টিম পেইনের সাথে বিরাট কোহলি টস করতে নামবেন তখন ইতিহাস তার বিপক্ষেই থাকবে। তবে, চলতি সিরিজের যা অবস্থা তাতে নি:সন্দেহে বিরাটের দলটাই ফেবারিট।

আর ফেবারিট তকমার সদ্ব্যবহার করে ভারত যদি ম্যাচটা জিতেই যায়, তাহলে সিডনিতে নতুন ইতিহাস রচিত হবে। ১৯৪৭ সাল থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলছ ভারত। আজ অবধি কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এবার যদি, সিডনিতে জিততেই পারে তাহলে সিরিজটা চলে যাবে ভারতের দখলে।

এই টেস্ট জিতলে একটা ব্যক্তিগত অর্জনও হবে বিরাট কোহলি। ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে তিনি নাম লেখাবেন মহেন্দ্র সিং ধোনির পাশে। ধোনি তার ক্যারিয়ারে অধিনায়ক হিসেবে জিতেছেন ২৭টি টেস্ট। অন্যদিকে এখন অবধি অধিনায়ক কোহলির জয়ের সংখ্যা ২৬টি।

কোহলি মনে করেন, অস্ট্রেলিয়ার মাটিতে নিয়মিত খেলার সুফল পাচ্ছে ভারত। তিনি বলেন, ‘চার বছর হলো আমি অধিনায়কত্ব করছি। এবারই যদি অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে নিতে পারি, তাহলে দারুণ একটা ব্যাপার হবে। এর মধ্যে আমরা এই নিয়ে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার চার টেস্টের সিরিজ খেলতে এসেছি। ফলে আমাদের এখানে অভিজ্ঞতার কমতি নেই। তবে, এরপরও এটা সত্যি যে, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়ে দেওয়া বড় চ্যালেঞ্জের ব্যাপার।  দলগত চেষ্টা আর দারুণ কিছু ব্যক্তিগত চেষ্টা এক সুতায় এসে মিললে এটা অসম্ভব কিছু নয়।’

জায়গা নয়, বিরাট কোহলি অবশ্য জয়টাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মানছেন। তিনি বলেন, ‘প্রত্যেক দলই এখানে জেতার লক্ষ্য নিয়ে আসে। তবে ইতিহাস বদলানো কখনই আমাদের মোটিভেশন নয়। সামনে থাকা চ্যালেঞ্জ অতিক্রম করাই এখানে চ্যালেঞ্জ। যে কোনও কাউকে প্রশ্ন করতে পারেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। কোনো কিছু প্রমাণ করা বা কাউকে ভুল প্রমাণ করা বা ইতিহাস লেখা উদ্দেশ্য থাকে না। বাধা পেরিয়ে যাওয়া, এই পর্যায়ের যোগ্য হয়ে নিজের বিশ্বাস বাড়ানোই আসল। বিশ্বের যে কোনো দলকে যে কোনো জায়গায় হারানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কোহলির সাথে ব্যক্তিগত অর্জনের দুয়ারে দাঁড়িয়ে আছেন পেসার জাসপ্রিত বুমরাহও। সিডনি টেস্টে মাত্র দু’টি উইকেট পেলেই তিনি পৌঁছে যাবেন টেস্টের ৫০ উইকেটের মাইলফলকে। আর সেটা হয়ে গেলে তিনি রবিচন্দ্রন অশ্বিনের পর সবচেয়ে কম সময়ে এই মাইফলকে পৌঁছে যাওয়া ভারতীয় বোলার হবেন।

সিডনি টেস্টের আগে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইনজুরি থেকে ফেরা অশ্বিন এখনো পুরোপুরি ফিট নন। ফলে, সিডনিতেও তিনি মাঠে নামবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার ইশান্ত শর্মাও। ফলে, বাধ্য হয়েই মেলবোর্ন টেস্টের ‘উইনিং কম্বিনেশন’ ভাঙতে হচ্ছে ভারতকে।

পেস বিভাগে মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহর সঙ্গে দেখা যেতে পারে উমেশ যাদবকে। এছাড়া স্পিনে অশ্বিন ছাড়াও রবিন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব এই দলে রয়েছেন। এদিকে সদ্য ভূমিষ্ঠ কন্যার টানে দেশে ফেরত যাওয়া রোহিত শর্মার পরিবর্তে দলে ফিরেছেন ওপেনার লোকেশ রাহুল। তিনি ওপেনিংয়ে সঙ্গী হিসেবে মায়াঙ্ক আগারওয়ালকে পাচ্ছেন। আর মেলবোর্নে ওপেন করা হনুমা বিহারী ব্যাটিংয়ে ৬ নম্বরে নেমে যাবেন।

সিডনি টেস্টের জন্য ১৩ সদস্যের ভারতীয় দল

লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋশব পান্ত (উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব।