ফরিদপুরের বোয়ালমারীতে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করে সে দৃশ্য মুঠোফোনে ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইমোতে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে সামাজিকভাবে চরম বিপাকে ওই কিশোরীর পরিবার। এদিকে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠলে আজ বুধবার (১৭ জুন) সকালে অভিযুক্ত ধর্ষককে আটক করে বোয়ালমারী থানা পুলিশ।
গত ১০ জুন থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এ ঘটনাটি এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের একটি গ্রামে। ওই গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করে একই ইউনিয়নের জয়পাশা গ্রামের ১৮ বছরের বয়সী তরুণ সৈয়দ তোরান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কিশোরীর এক আত্মীয় জানান, বিষয়টি আমাদের পরিবারের জন্য লজ্জা ও কলঙ্কের একটি বিষয়। লোকজনের কাছে মুখ দেখাতে পারছি না। আমরা বিষয়টি না পারছি সহ্য করতে, পাশাপাশি লোক জানাজানি ও সামাজিক মর্যাদার ভয়ে না পারছি কিছু করতে। সব কিছু মিলিয়ে বিপদের মধ্যে রয়েছি।
আরো পড়ুনধ: কামারখন্দে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ঘটনার সত্যতা নিশ্চিত করে পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নূরুল আলম বলেন, ‘এ বিষয়টি তিনি শুনেছেন। তিনি ওই কিশোরীর অভিভাবকদের ডেকে পাঠিয়েছেন।’ তিনি বলেন, ‘এ ব্যাপারে কিশোরীর পরিবারের সাথে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, আমরা পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি। তবে স্থানীয়ভাবে খবর পেয়ে অভিযুক্ত ধর্ষক তোরানকে আজ সকালে আটক করেছি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
ভুক্তভোগী পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এএএম
