সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১৭ জুন ২০২০, ১৫:৫৪

নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুল বারী নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার পাতারি সীমান্তে এই ঘটনা ঘটে।  আব্দুল বারী একই উপজেলার দক্ষিণ পাতারি গ্রামের আবু বক্করের ছেলে। 

জানা গেছে, পাতারি সীমান্ত দিয়ে মঙ্গলবার রাতে অবৈধভাবে গরু আনতে ভারতে যান এলাকার কয়েকজন গরু ব্যবসায়ী। ভোরে একই এলাকা দিয়ে গরু নিয়ে আসার সময় বিএসএফের ছোঁড়া গুলি আব্দুল বারী আহত হন। এ সময় অন্যরা সীমান্ত পার হয়ে চলে আসেন। 

খবর পেয়ে পূর্ণভবা নদীর পার থেকে বিজিবি সদস্যরা আব্দুল বারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে  সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরো পড়ুন : কামারখন্দে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-১৬ নওগাঁ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। 

ইত্তেফাক/ইউবি