ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে শনাক্ত হওয়া ১৮ জন করোনা রোগীর মধ্যে ৫ জন পুলিশ সদস্য রয়েছেন। আক্রান্ত হওয়া পুলিশ সদস্যরা নবাবগঞ্জ থানার পাড়াগ্রাম পুলিশ ক্যাম্পে কর্মরত। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ২৩৩ জনে দাঁড়িয়েছে।
বুধবার দুপুরে (১৭ জুন) নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১০ জুন উপজেলার বিভিন্ন এলাকার ৩৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার রাতে পাওয়া ফলাফলে সেখান থেকে ২০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে নতুন করে আক্রান্ত ১৮ জন এবং দুইজন পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে ৫ পুলিশ সদস্য ছাড়াও বক্সনগরের ৫, শোল্লার ৩, চূড়াইন, নয়নশ্রী, যন্ত্রাইল, কলাকোপা ও খারশুরের ১ জন করে বাসিন্দা রয়েছে।
আরো পড়ুন: বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার
পাড়াগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রব জানান, আক্রান্ত ৫ পুলিশ সদস্য কনস্টেবল হিসেবে কর্মরত। তার চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএএম
