বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিনোদন শিল্পের দৃশ্যপটও বদলে গেছে। সিনেমা, টিভি সিরিয়াল ও সিরিজের শুটিং পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে এই সময়টাতে ঘরে থাকা দর্শকদের বিনোদন চাহিদা পূরণে বিকল্প মাধ্যম হিসেবে ছোটপর্দা মানে টিভি এবং নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, হটস্টার প্লাস ডিজনির মতো অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের গুরুত্ব বেড়েছে আগের তুলনায়। দর্শক ক্রমেই ঝুঁকছে ডিজিটাল বিনোদন মাধ্যমে। সিনেমা হলে গিয়ে নতুন নতুন চলচ্চিত্র উপভোগের সুযোগ কবে ফিরে আসবে বলা যাচ্ছে না এখনও। করোনা আতঙ্ক সবাইকে ঘরের চার দেয়ালের মধ্যে বেশিরভাগ সময় কাটাতে বাধ্য করেছে। তেমন অনিশ্চিত পরিস্থিতিতে অনেক চিত্রনির্মাতাই তাদের নির্মিত মুক্তি প্রতীক্ষিত সিনেমা অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তির আয়োজন করছেন। গত সপ্তাহে তেমনি একটি বলিউডি সিনেমা ‘গুলাবো সিতারো’ মুক্তি পেয়েছে আমাজন প্রাইম ভিডিও চ্যানেলে। অমিতাভ বচ্চন-আয়ুশ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতারো’ মূলত বড় পর্দার জন্য নির্মিত হলেও করোনা প্রাদুর্ভাবে উদ্ভুত পরিস্থিতিতে বাধ্য হয়েই অনলাইন স্ট্রিমিং সাইটে মুক্তি দিতে হয়েছে। হয়তো এভাবেই সময়ের সাথে সাথে সিনেমা ব্যবসায় নতুন দিগন্তের সূচনা ঘটবে। বর্তমানে একইভাবে অনলাইন স্ট্রিমিং সাইটে আরো বেশ কিছু সিনেমা মুক্তির পরিকল্পনা গ্রহণ করেছেন বলিউডের অনেক ডাকসাইটের প্রযোজক। করন জোহর প্রযোজিত ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিন গার্ল’ ছবিটি আরো কয়েক মাস আগেই মুক্তির জন্য প্রস্তুত হয়েছিল। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর একজন দুঃসাহসী নারী পাইলটের অংশগ্রহণের বীরত্বপূর্ণ বাস্তব ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে ছবিটিতে। দুঃসাহসী সেই নারী বিমান বাহিনীর কর্মকর্তা গুঞ্জন সাক্সেনার ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রী জাহ্নবি কাপুর। প্রয়াত জনপ্রিয় তারকা অভিনেত্রী শ্রীদেবী কন্যার ক্যারিয়ারের জন্য দুর্দান্ত চ্যালেঞ্জ বলা যায়। যাকে নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে সেই দুঃসাহসী নারী বিমান সেনা গুঞ্জন সাক্সেনা ইতিমধ্যে সিনেমার ট্রেলারে তার চরিত্রে রূপাদানকারী জাহ্নবি কাপুরের চমত্কার অভিনয়ে মুগ্ধ ও চমকিত হয়েছেন। জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল’ ছবির মুক্তির কথা চূড়ান্ত হয়ে গেছে।
