অবিরাম বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মোচা বের হওয়ার আগেই মরে গেছে ভুট্টাগাছ। এ অবস্থায় রংপুরের গঙ্গাচড়ায় ভুট্টা চাষে লোকসান গুনছেন কৃষকরা। উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম একটি গ্রাম। বরাবরের মতো এ বছরও ভুট্টা চাষ করেন কৃষকরা। তামাক চাষের পর এসব জমিতে ভুট্টা লাগায় তারা। কিন্তু বিধি এবার বাম। গত বছর মুনাফা করলেও এ বছর পুরোপুরি লোকসান গুনছেন কৃষকরা। দূর থেকে ভুট্টাগাছগুলোকে পরিপক্ব মনে হলেও বাস্তবে বেশ কিছুদিন ধরে জলাবদ্ধতার কারণে এসব গাছ মোচা বের হওয়ার আগেই মরে গেছে। কৃষকরা ভুট্টা চাষে স্বপ্ন দেখলেও সে স্বপ্ন বিলিন হয়েছে। কৃষকরা বলছেন, এ বছর আগাম ও অবিরাম বৃষ্টি হওয়ার কারণে এ সর্বনাশ হয়েছে। ঐ গ্রামের কৃষক ফজলুল হকের ১ একর, আজিজুলের ৫০ শতক, পেনকাটুর ৩০ শতক, আবদুর রহিমের ৬০ শতক, আবদুল বাকির ৮৮ শতকসহ আরো অনেকের ভুট্টাখেত মরে গেছে। সরজমিন কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় এ চিত্র। মনিরাম ছাড়াও উপজেলার অন্য এলাকাতে ভুট্টার ক্ষতি হয়েছে।
সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা শাহা আলম ভুট্টাখেত মরে যাওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কারণে এমন হয়েছে। ১ হেক্টর জমির ভুট্টাখেত নষ্ট হয়েছে বলে তিনি জানান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমে ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। তবে ক্ষতি দেখানো হয়েছে ১ হেক্টর জমির। উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন, এ বছর অনবরত বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে কিছু ভুট্টা নষ্ট হয়েছে।
