আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি

আপডেট : ১৭ জুন ২০২০, ২১:৩৩

বিভিন্ন জেলা থেকে লোকজন দ্রুত ঢাকা অথবা ঢাকা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আন্তঃনগর ট্রেনে যাতায়াত করে। ঢাকার সব স্টেশনে আন্তঃনগর ট্রেন বিরতি দেয় না। ঢাকা সিটির ভেতরে বিমানবন্দর স্টেশন ছাড়া আর কোথাও বিরতি না দিয়ে সরাসরি কমলাপুর স্টেশনে চলে যায়। ফার্মগেট, মহাখালি, মোহাম্মদপুর ও ধানমন্ডিসহ আরো কয়েকটি এলাকার বিপুল সংখ্যক ট্রেনযাত্রীকে আন্তঃনগর ট্রেন ধরতে যেতে হয় কমলাপুর অথবা বিমানবন্দর স্টেশনে। এসব এলাকা কমলাপুর ও বিমানবন্দর স্টেশন থেকে অনেক দূরে। তেজগাঁও রেলস্টেশন ঐসব এলাকা থেকে অনেক কাছে। যদিও বাস কিংবা ট্যাক্সি ভাড়া করে যাওয়া যায়, তবু যানজটের কারণে ঠিক সময়ে পৌঁছানো যায় না। অনেক সময় ট্রেন ফেল হয়ে যায়। তাছাড়া ঢাকার বাইরে থেকে ট্রেনে এসে পুনরায় কমলাপুর কিংবা বিমানবন্দর থেকে ট্যাক্সিতে বা বাসে করে বাসায় আসতে খুব কষ্ট হয়। অনেক থানা বা উপজেলার রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন থামে। আর তেজগাঁও তো ঢাকার গুরুত্বপূর্ণ একটি এলাকা। তাই তেজগাঁও রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. লুত্ফুল খাবির ফয়সাল

বাড়ি ১৩, সড়ক ১, সেকশন ১, কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭