গাজীপুরে করোনায় আক্রান্ত আড়াই হাজার ছাড়াল

আপডেট : ১৭ জুন ২০২০, ২১:৩৭

গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৪৯ জন। এ নিয়ে গাজীপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়াল ২ হাজার ৫১১। ৫০১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। গতকাল বুধবার বিকালে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন।

সিভিল সার্জন বলেন, গাজীপুরে ২৪ ঘণ্টায় যারা আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরে সর্বাধিক ১০১ জন। এছাড়া কালিয়াকৈরে ২৭ জন ও শ্রীপুরে ২১ জন। কালীগঞ্জ ও কাপাসিয়ায় নতুন করে কোনো আক্রান্ত নেই।

এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত ২ হাজার ৫১১ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩০৯ জন, কালীগঞ্জে ১৯৮, কাপাসিয়ায় ১৫৩, শ্রীপুর উপজেলায় ২৬৯ এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ১ হাজার ৫৮২ জন। জেলায় গতকাল বুধবার পর্যন্ত সুস্থ হয়েছে ৩৯৯ জন।