কোনো ধরনের দুর্নীতির সঙ্গে পুলিশ সদস্যরা যুক্ত থাকতে পারবেন না —আইজিপি

আপডেট : ১৭ জুন ২০২০, ২১:৩৮

পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, গণমানুষের দোরগোড়ায় পুলিশিংকে পৌঁছে দিতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ডকেন্দ্রিক বিট পুলিশিং কার্যক্রম পরিচালিত হবে। বিপদে ও প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াবেন। এ বিষয়ে একটি এসওপি প্রণয়নের কাজ চলমান রয়েছে। শিগিগরই সুনির্দিষ্ট দিকনির্দেশনাসহ একটি এসওপি সকল ইউনিটে পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার বিকালে পুলিশ সদর দপ্তর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপারগণের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশ সদস্যরা কোনোভাবেই কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। পুলিশকে দুর্নীতিমুক্ত হতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা অবৈধ অর্থ উপার্জন করে বড়োলোক হতে চান, বাংলাদেশ পুলিশে তাদের স্থান নয়। তারা পুলিশের চাকরি ছেড়ে বাড়ি গিয়ে ব্যবসা করে বড়োলোক হওয়ার চেষ্টা করতে পারেন।

মাদকের প্রসঙ্গে উল্লেখ করে আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে অথবা মাদক ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সদস্যদের কল্যাণ প্রসঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে হবে।