কেপিএম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:১৯

কাপ্তাই (রাঙ্গামাটি): কেপিএম স্কুলের ৬০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বুধবার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ড. এম এম এ কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— কেপিএমের প্রশাসন বিভাগীয় প্রধান একরাম উল্লাহ্ খন্দকার, কারখানার মহাব্যবস্থাপক (এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকার, কেপিএম স্কুলের অধ্যক্ষ মো. বাবুল হোসেন, মহাব্যবস্থাপক (এফআরএম) মো. শহীদ উল্লাহ, হিসাব বিভাগীয় প্রধান ননী গোপাল দেবনাথ, কেপিএম সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় একশ মিটার দৌড়, দুইশ মিটার দৌড়, কাঠি বদল দৌড় ও ৫০ মিটার দৌড় প্রতিযোগিতাসহ চামচ দৌড়, ব্যাঙ লাফ ইত্যাদি বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলার আয়োজন ছিল। প্রধান অতিথি খেলাধুলা আয়োজনের প্রশংসা করেন এবং নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার জন্যও তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন। পাশাপাশি দেশীয় ঐতিহ্য বজায় থাকে এমন সব খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতায় সন্নিবেশিত রাখার পরামর্শ দেন             —ইত্তেফাক