অর্থ পাচার ও মানব পাচার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুয়েতে গ্রেফতার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী, মেয়ে ও শ্যালিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা জানিয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর এ চিঠি পাঠানো হয়।
এ তিন জন হলেন, পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন আক্তার। দুদকের ঐ চিঠিতে একই সঙ্গে কুয়েতে গ্রেফতার হওয়া কাজী শহীদ ইসলাম পাপুল কোনোভাবে দেশে ফিরলেও যেন পুনরায় বিদেশে যেতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মানব ও অর্থ পাচারের অভিযোগে গত ৭ জুন কুয়েত সরকার কাজী শহীদ ইসলাম পাপুলকে আটক করে। সেখানে তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। ইমিগ্রেশন বরাবর পাঠানো দুদকের অনুসন্ধান কর্মকর্তা (উপপরিচালক) মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
গত ১০ জুন পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, টিআইএন নম্বর, আয়কর রিটার্নসহ ব্যক্তিগত সব নথিপত্র তলব করা হয়। এরই মধ্যে কিছু তথ্য দুদকের কাছে এসে পৌঁছেছে। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তাদের ব্যাপারে তথ্য চেয়ে দুদক চিঠি দিয়েছে।
