দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরুর ১০১তম দিনে ৪ হাজারের বেশি নতুন রোগী শনাক্তের খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর, যা এক দিনের সর্বোচ্চ। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার আট জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জন। আক্রান্তদের মধ্যে আরো ৪৩ জন মারা গেছেন গত এক দিনে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩০৫ জন।
বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুধবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আইডিসিআরের ‘অনুমিত’ হিসেবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৯২৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৩৮ হাজার ১৮৯ জন। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। আগের দিন মঙ্গলবারের বুলেটিনে সর্বোচ্চ ৩ হাজার ৮৬২ জন নতুন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এক দিন পর তা ছাড়িয়ে নতুন রেকর্ড হলো। মঙ্গলবার ৫৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৮ জন পুরুষ, ১৫ জন নারী। তাদের ২৭ জন হাসপাতালে, ১৫ জন বাড়িতে মারা গেছেন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের ২১ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, দুই জন খুলনা বিভাগের, চার জন রাজশাহী বিভাগের, একজন সিলেট বিভাগের, দুই জন ময়মনসিংহ বিভাগের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। মৃত ৪৩ জনের মধ্যে দুই জনের বয়স ছিল ৮০ বছরের বেশি, আর একজন ১০ বছরের কম বয়সি এক শিশু। এছাড়া ৯ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, চার জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের এবং একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে।
