নির্বাচনী সহিংসতায় নিহত আনসার সদস্যের পরিবারকে দুই এমপির অনুদান

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:২১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত আনসার সদস্য নূর নবীর পরিবারকে আরও তিন লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

বুধবার নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে দুই লাখ টাকা ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান হস্তান্তর করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক তন্ময় দাস ও পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ সাংসদ একরামুল করিম চৌধুরীর পক্ষে নিহতের স্ত্রী নাছিমা আক্তারের হাতে অনুদানের দুই লাখ টাকা তুলে দেন। এর আগে সকালে বেগমগঞ্জ উপজেলার আমানুল্যাহ্পুরে নিহতের বাড়িতে মামুনুর রশিদ কিরনের পক্ষে এক লাখ টাকা হস্তান্তর করা হয়।