করোনা ভাইরাসের লক্ষণভিত্তিক ইউনানি ও আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিত্সা প্রদানের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন। বোর্ডের চেয়ারম্যান মো. মুজিবুল হক এমপি স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অনুরোধপত্র সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিত্সাবিজ্ঞান হাজার বছর ধরে নিজস্ব ঐতিহ্য নিয়ে মানবসেবায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশে গ্রামাঞ্চলে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে রোগগ্রস্তদের প্রথম ভরসাস্থল হাকিম ও কবিরাজ তথা ইউনানি ও আয়ুর্বেদিক চিকিত্সা। বর্তমানে নোভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রকোপে সারা বিশ্বের মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। স্বাস্থ্যসেবায় সরকারের কার্যক্রমের পাশাপাশি ইউনানি ও আয়ুর্বেদিক চিকিত্সকদের সক্রিয় ভূমিকায় সম্পৃক্ত করলে এর পরিধি আরো প্রসারিত হবে।
