পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে করোনা মোকাবিলা সম্ভব ------- স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট : ১৮ জুন ২০২০, ০০:৫০

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে যে লকডাউন করা হয়েছে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকাসহ সারাদেশে যেখানে লকডাউন প্রয়োজন, সেখানে পদক্ষেপ নেওয়া হবে। তবে বিশেষ করে রেড জোনে লকডাউন কার্যকর করতে কমিউনিটিকে অন্তর্ভুক্ত করতে হবে। গতকাল বুধবার রাজধানীর পূর্ব রাজাবাজারে চলমান লকডাউন কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, লকডাউন ঘোষিত এলাকায় স্বাস্থ্যসেবাসহ অন্য জরুরি সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, লকডাউন করা এলাকায় গরিব, দুস্থ, খেটে খাওয়া মানুষের বাড়িতে বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আর সামর্থ্যবানদের কাছে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে  দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

লকডাউন এলাকায় টেলিমেডিসিন সেবা চালু করার ওপর গুরুত্বারোপ করে তাজুল ইসলাম বলেন, জরুরি সেবার জন্য এসব এলাকায় অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে, যাতে গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়। মন্ত্রী বলেন, ঢাকা শহরে বেশি সংক্রমিত এলাকাগুলোতে পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে গেলে প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলা করা সম্ভব। এ সময় উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এবং ওয়ার্ড কাউন্সিলরসহ লকডাউন কার্যক্রমে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।