বকেয়া বেতন ও ছাঁটাইকৃত কর্মীদের পুনর্বহালের দাবিতে রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় তিনটি পোশাক কারখানার শ্রমিকরা বুধবার সড়ক অবরোধ করেন। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত ঐ এলাকায় অবস্থিত জেএমএইচ ফ্যাশন, জেএমএইচ ডিজাইন এবং সিনহা নিট-ডেনিম (লিবার্টি) গার্মেন্টসের কর্মীরা মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করে রাখেন। এদিকে প্রাপ্য মজুরি পরিশোধের দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। উত্তরার আজমপুরে সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন যাত্রীরা।
জানা যায়, মিরপুরে অবস্থিত জেএমএইচ ফ্যাশন ও জেএমএইচ ডিজাইন গার্মেন্টস দুটিতে মার্চ মাসের পর থেকে শ্রমিকদের কোনো বেতন হয় না। এই পাওনা বেতনের দাবিতে গার্মেন্টস দুটির শ্রমিকরা সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এরপর তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় সিনহা নিট-ডেনিম (লিবার্টি) গার্মেন্টসের ছাঁটাইকৃত শ্রমিকরা। পরে অবশ্য বৃষ্টির কারণে শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেন।
মিরপুর মডেল থানার অপারেশন অফিসার মো. দুলাল হোসেন বলেন, জেএমএইচ ফ্যাশন ও জেএমএইচ ডিজাইন গার্মেন্টস দুটিতে মার্চ মাসের পর থেকে শ্রমিকদের কোনো বেতন হয় না। এছাড়া সিনহা নিট-ডেনিম (লিবার্টি) গার্মেন্টসের শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। যারা এখানে এক বছরের কম সময় কাজ করেন। এই শ্রমিকরা ‘লেবার ল’ অনুযায়ী কোনো সুযোগ-সুবিধা পাবেন না মালিকের কাছ থেকে। কিন্তু তবুও তারা আন্দোলন করতে সড়কে নামেন। আর উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ প্রসঙ্গে দক্ষিণখান থানার এসআই ইব্রাহিম জানান, শান্তা গার্মেন্টস নামে সদ্য বন্ধ হয়ে যাওয়া একটি পোশাক কারখানার শ্রমিকরা পাওনা মজুরির দাবিতে মঙ্গলবারের মতো গতকাল সকালেও আজমপুরে রাস্তায় নেমে আসেন। মালিকপক্ষের প্রতিনিধি এসে মজুরি পরিশোধের কথা থাকলেও কেউ আসেননি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। পরে পুলিশের অনুরোধে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
আশুলিয়ায় ছাঁটাই বন্ধ, পুনর্বহাল ও বকেয়া পরিশোধের দাবি
সাভারের আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই, নির্যাতন, মামলা-হামলা বন্ধ এবং কাজে পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরা। গতকাল সকালে জামগড়া ফ্যান্টাসী কিংডমের সামনে ঢ?াকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকরা জানান, গত ঈদুল ফিতরের আগে কোনো পাওনা পরিশোধ না করেই আশুলিয়ার মেডলার অ্যাপারেলস লিঃ-এ ২৪৫ জন, রেজা ফ্যাশনে ৩০০ জন, স্টারলিং ক্রিয়েশনে ২০০ জন এবং ভিনটেজ গার্মেন্টসে ৪০ জন শ্রমিক ছাঁটাই হয়েছে। এমনকি রেজা ফ্যাশন ও মেডলার অ্যাপারেলসের ৭০০/৮০০ শ্রমিকের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে মালিকপক্ষ। পোশাক শ্রমিকদের কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাশ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল হকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। আগামী ২০ জুনের মধ্যে শ্রমিকদের সকল দাবি পূরণ না হলে বিজিএমইএ কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
ছাতকে মিল কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, ছাতকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নিটল কার্টিজ মিলের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ প্রদর্শন করেছে শ্রমিকরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানা সচল রেখে প্রধান কার্যালয়ের সামনে শ্রমিকরা বিক্ষোভ করেন। জানা যায়, নিটল কার্টিজ মিলে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনরত প্রায় ৩০০ শ্রমিক গত এপ্রিল থেকে বেতনভাতা পাচ্ছেন না। মঙ্গলবার শ্রমিকদের একটি অংশকে এপ্রিল মাসের ১৫ দিনের বেতন পরিশোধ করা হলে তাদের মাঝে আরো ক্ষোভের সৃষ্টি হয়। বেতনভাতা না পাওয়ায় গত তিন মাস ধরে ধার-দেনা করে মানবেতর জীবন-যাপন করছেন শ্রমিকরা। এছাড়া কারখানার সহকারী ম্যানেজার (কোয়ালিটি-কন্ট্রোল) জহিরুল ইসলামের অসৌজন্যমূলক আচরণেও শ্রমিকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। কারখানা সচল রেখে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কর্মকর্তা জহিরুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। কারখানার ডিজিএম আমিরুল ইসলাম ও এডিজিএম জহিরুল ইসলাম জানান, বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে কারখানার ৩৫ কোটি টাকার প্রোডাক্ট আটকে আছে। বিক্রিত প্রোডাক্টের টাকাও পাওয়া যাচ্ছে না। যে কারণে শ্রমিকদের বেতন দিতে একটু বিলম্ব্ব হচ্ছে।
