সংসদ সচিবালয়ে এবং সংসদ ভবন এলাকায় অবস্থিত অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত ৯১ কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যা ৬৭ থাকলেও গতকাল মঙ্গলবার তা বেড়ে ৯১ হয়।
চলমান বাজেট অধিবেশন উপলক্ষ্যে সংসদে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষা শুরু হয় গত ২ জুন থেকে। ৮ জুন ঐ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। গতকাল পর্যন্ত ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংসদের মেডিক্যাল সেন্টারের চিকিত্সক মো. ইউনূস আলী জানান, করোনায় আক্রান্তদের বেশির ভাগেরই কোনো উপসর্গ নেই। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর থেকে তারা বাসায় আইসোলেশনে রয়েছেন। রোগীর অবস্থা অনুযায়ী চিকিত্সা দেওয়া হচ্ছে।
