আবারো মাদারীপুরের শিবচর উপজেলায় জোন ভিত্তিক লকডাউন শুরু হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ অনুসারে স্বাস্থ্য বিভাগ রেড জোনে পৌরসভার ৩ ওয়ার্ডসহ ৯ ইউনিয়ন, ইয়েলোতে ৪ ইউনিয়ন ও গ্রিনে ৭ ইউনিয়ন অন্তর্ভুক্ত করেছে।
জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সতর্কতার সাথে প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।
বুধবার (১৭ জুন) থেকে বৃহস্পতিবার (১৮ জুন) এ রিপোর্ট লেখা পর্যন্ত জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কাজ করছেন।
জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে বেড়ে যাওয়ায় শিবচরে রেড জোন অর্ন্তভূক্ত পৌরসভার ৩ টি ওয়ার্ডসহ ৯ ইউনিয়নে পূর্ণাঙ্গ রূপে লকডাউন বুধবার থেকে কার্যকর হয়েছে। পৌরসভার ১, ৪ ও ৫ নং ওয়ার্ড রেড জোন ভুক্ত। বাকি ইউনিয়নগুলো হলো-শিবচর, দ্বিতীয় খণ্ড, বহেরাতলা দক্ষিণ, বাশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরচর ও পাচ্চর।
আরো পড়ুন: ডা. রকিব হত্যা: খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
ইয়েলো জোনে ৪ ইউনিয়ন হলো-বহেরাতলা উত্তর, উমেদপুর, চরজানাজাত ও কুতুবপুর। গ্রিন জোনে ৭ ইউনিয়ন হলো-দত্তপাড়া, শিরুয়াইল, নিলখী, সন্ন্যাসীরচর, বন্দরখোলা, কাঠালবাড়ি ও ভান্ডারীকান্দি।
রেড জোনে নিত্যপ্রয়োজনীয় দোকান ও ব্যাংক সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা ছাড়া সকল দোকান ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ইয়োলো জোন অন্তর্ভুক্ত ইউনিয়নগুলোতে নিত্যপ্রয়োজনীয় দোকান ও ব্যাংক সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা ছাড়া সকল দোকান ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
গ্রিন জোনে পূর্বের স্বাস্থ্য বিধি অনুসরণ করে সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। রেড ও ইয়োলো জোনভুক্ত এলাকায় যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এক জোনের বসবাসকারীরা অন্য জোনে প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। মঙ্গলবার সকালে এ সংক্রান্ত এক সভা শিবচর উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এএএম
