কুমিল্লায় লেফটেনেন্ট জেনারেলের পরিচয়ে প্রতারণাকালে মো. সাগর বাগদাদী (৬৫) নামের একজনকে ফের গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লোগো সম্বলিত ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড ও সেনাবাহিনীর প্যাডে ভুয়া নিয়োগপত্রসহ বুধবার সন্ধ্যায় জেলার লালমাই উপজেলার দত্তপুর এলাকা থেকে লালমাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
সাগর বাগদাদী কুমিল্লা নগরীর ছোটরা এলাকার ফজলুল খাঁ বাগদাদীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। এর আগেও প্রতারণার দায়ে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা হয়েছে এবং তাকে একাধিকবার গ্রেফতার হয়েছিল বলে জানিয়েছেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব।
তিনি সাংবাদিকদের জানান, মো. সাগর বাগদাদী লালমাই উপজেলার দত্তপুর গ্রামের ১১ জনকে চাকরির প্রলোভনে নগদ ও মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে মোট চার লাখ ১০ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয়। বুধবার সন্ধ্যায় সে ওই গ্রামে প্রার্থীদের নিয়োগপত্র ও আইডি কার্ড সরবরাহ করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। এসময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড, সেনাবাহিনীর প্যাডে ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার দত্তপুর গ্রামের প্রতারণার শিকার হুমায়ুন কবির বাদি হয়ে থানায় মামলা করেছেন।
আরও পড়ুন: শ্মশানের জমি বাপদাদার দাবি করে লাশ সৎকারে বাধা
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে সাগর বাগদাদী বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তা ও কখনো লেফটেনেন্ট জেনারেলের ভুয়া পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত করে আসছিল বলে স্বীকারোক্তি দিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দুটি, বুড়িচং থানায় একটি, রাঙ্গামাটি সদর থানায় একটি মামলা রয়েছে।
ইত্তেফাক/এসি
