ভূঞাপুরে আমপাড়াকে কেন্দ্র করে ভাই হাতে ভাই খুন হয়েছেন। তারা সম্পর্কে চাচাত ভাই। নিহত মেহেদী হাসান রাজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ছাত্র ও উপজেলার ফলদা ইউনিয়নের গারাবাড়ি গ্রামের গোলাম মোস্তফা দুলালের ছেলে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফলদা ইউনিয়নের গারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গারাবাড়ি গ্রামের চাচা মফিজুল হক চন্দনের ছেলে জিহাদের সাথে তারই চাচাতো ভাই রাজিবের মধ্যে আম পাড়া নিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। রাজিব বাড়ির গাছের আম পাড়ার জন্য জিহাদদের বাড়ির উচু একটা বাঁশ নিয়ে ছিলেন। এসময় বাঁশটি ভেঙে গেলে দুইজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে জিহাদ উপর্যুপরিভাবে তিনবার রাজিবের পেটে ছুরিকাঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে সেখানেও তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু তাকে হাসপাতালের তিনতলা থেকে নিচে নামানোর পথে তার মৃত্যু হয়। তবে জিহাদ নিয়মিত মাদক সেবন করতো বলে এলাকার অনেকেই জানিয়েছে।
রাজিবের মামা ফরিদ মিয়া বলেন, গাছের আমপাড়াকে কেন্দ্র করে রাজিবের চাচাত ভাই জিহাদ ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে। রাজিব ঢাবির আইন বিভাগের ফাইনাল বর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখার ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিল। করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি গ্রামের বাড়ি এসেছিলেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই আসামীরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
ইত্তেফাক/আরকেজি
