গফরগাঁও ও গোপালগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:১৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। ওই শিক্ষিকার নাম মাকসুদা জাহান মুর্শিদি (৫০)। তিনি মুখী মোমজান স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জানা যায়, মাকসুদা জাহান মুর্শিদি করোনা পজেটিভ শনাক্ত হলে তাকে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

আরও পড়ুন: রংপুরে ৪০ শতাংশ ভাড়া কম নেবেন মেস মালিকরা

বৃহস্পতিবার বাদ আসর মশাখালি ইউনিয়নের সোনাতলা গ্রামে স্বাস্থ্যবিধি মেনে থানা পুলিশের কঠোর নজরদারিতে মৃতের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। 

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে করোনায় আক্রান্ত হয়ে আক্কাস আলী খান (৬১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আক্কাস আলী খান মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া চরপাড়া গ্রামের জলিল খানের ছেলে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান জানান, গত ১৫ জুন আক্কাস আলী  ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমূনা পরীক্ষার জন্য দিয়ে আসেন। পরের দিন তার রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ওই স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত দল তার দাফন কাজ সম্পন্ন করেছে। 

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে  ৭ জনের মৃত্যু হলো। 

ইত্তেফাক/এসি