গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবু হানিফ নামে এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে চার পুলিশ সদস্য।
কালিয়াকৈর থানা পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার হাবিবপুর এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আবু হানিফকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে রাত ৩টার দিকে ঐ এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। একপর্যায়ে হানিফ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় হানিফ। গুলি বিনিময়কালে পুলিশের চার সদস্য আহত হয়। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহত আবু হানিফের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় সন্ত্রাসী ও মাদকসহ আটটি মামলা রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আবু হানিফ একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন ঘটনায় কালিয়াকৈর থানায় আটটি মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
