রাণীনগর উপজেলায় জমি আছে ঘর নাই এই প্রকল্পের আওতায় উপজেলার অসহায় অতিদরিদ্র ৩৮৫টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। ‘জমি আছে ঘর নেই’ ২০১৭-১৮ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের অর্থায়নে ঘরগুলো নির্মাণ করে দেওয়া হচ্ছে। এই গৃহ নির্মাণ কাজের তত্ত্বাবধান করছে রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। সদর ইউনিয়নের খট্টেশর গ্রামের রহিমা বেওয়া বলেন, আমাদের জায়গা ছিল কিন্তু ঘর করার মতো কোনো আর্থিক অবস্থা ছিল না। এখন বিনা খরচে সরকারের কাছ থেকে ঘর পেয়ে আমি বিধবা খুবই খুশি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, সরকারি নিয়ম অনুসারে ঘর তৈরির কাজ প্রায় শেষের দিকে। ঘর নির্মাণ সম্পন্ন হওয়ায় ইতোমধ্যে আড়াই শতাধিক পরিবার বসবাস করাও শুরু করেছে। আশা করছি, আর কিছুদিনের মধ্যে কাজ শেষ হয়ে গেলে আমরা সবগুলো ঘর হস্তান্তর করতে পারবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর নিজ তহবিল থেকে দেশব্যাপী যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সবগুলো ঘর আমরা হস্তান্তর করতে পারবো বলে আশা করছি।
