করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমাজন বনাঞ্চল রক্ষায় দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাওয়া সুপরিচিত আদিবাসী নেতা পাউলিনহো পায়াকান মারা গেছেন। বুধবার ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা অঙ্গ-রাজ্যের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ব্রাজিলের যেসব অঞ্চলে প্রাণঘাতী এ ভাইরাসের দাপট বেশি, পারা তার মধ্যে একটি।
মৃত্যুকালে পায়াকানের বয়স ছিল ৬৫। তিনি কায়াপো আদিবাসী গোষ্ঠীর প্রধান ছিলেন। বেলো মন্তে জলবিদ্যুত্ প্রকল্পের বিরুদ্ধে আদিবাসীদের সংগঠিত করে আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসেন পায়াকান। ১৯৯৮ সালে ১৮ বছর বয়সি এক জনকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হন এ আদিবাসী নেতা। ধর্ষণে সহযোগিতার দায়ে তার স্ত্রীও দোষী সাব্যস্ত হয়েছিলেন। সমর্থকদের ধারণা, পায়াকানের ভাবমূর্তি ক্ষুণ্ন ও তাকে চুপ করিয়ে দিতেই লড়াকু এ আদিবাসী নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসানো হয়।
পায়াকানের মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশবাদী সংগঠন প্ল্যানেট আমাজনের প্রতিষ্ঠাতা গের্ত-পিতের ব্রু বলেন, ‘আমাজন রক্ষায় বিশ্বজুড়ে আদিবাসীদের জোট গড়ার লক্ষ্যে সারাটা জীবন ধরে কাজ করেছেন তিনি। তিনি তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। আমরা অনন্য এক পথপ্রদর্শককে হারালাম।’ চরম সাহসী পায়াকানকে আদিবাসী সম্প্রদায়ের স্বার্থ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ‘একজন পিতা’, ‘একজন নেতা’ ও ‘একজন যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করেছে ব্রাজিলের আদিবাসীদের সংগঠন এপিআইবি।
উল্লেখ্য, ব্রাজিলে করোনা পরিস্থিতি এতটাই ভয়ানক হয়েছে যে, গহীন অরণ্য আমাজনের আদিবাসী সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছেছে এই ভাইরাস। এপিআইবি জানিয়েছে, আমাজনের অন্তত সাড়ে পাঁচ হাজার আদিবাসী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গতকাল পর্যন্ত ২৮৭ জন মারা গেছেন।
